পোস্টগুলি

চৈত্রের কাফন

ছবি
[তেরোই মে পর্যন্ত এই লেখাটা ময়মনসিংহ, আরামবাগ এবং জিগাতলার জন্য নিষিদ্ধ ঘোষণা করা হল।] একদিক দিয়ে দেখলে অবশ্য, বৃশ্চিকের মৃত্যুটা অবশ্যম্ভাবী ছিল। ওকে শুধু মরতে হত না, ওকে মরতেই হত। লিগ্যাসি তাই বলে। তবু, মরে যাওয়া মানে সবকিছুর শেষ তো, ওটা কষ্ট দেয়। মৃত্যুর শঙ্কাটা প্রথমে আমিই করেছিলাম। এই ধরনের লিগ্যাসি প্রায় প্রফেসির মত। ছাই, স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে কিনা কে জানে, কবে প্রথম কথাটা বলেছিলাম—ঠিক মনে নেই। সেটা শিল্পকলাতেও হতে পারে, বইমেলার সময় মুক্তমঞ্চেও হতে পারে, আবার সাদাসিধে ফোনালাপের সময়েও হতে পারে। তবে বলেছিলাম, ঠিক মনে আছে। ও ছিল আমার মতই। কিছুটা খ্যাপা, একটু আনমনা, কখনো দ্রোহী—এমনই। অনেকগুলো আমরা মিলে যখন একটা সত্তা ছিলাম, সেই সত্তার একটা বড় অংশ জুড়ে ছিল বৃশ্চিক। আজ থেকে প্রায় দুইশো বছর আগে, যে সময়টায় আমি জন্ম নেই, তখন মৃত্যুতে তেমন একটা বিশ্বাস করতাম না। অন্তত বৃশ্চিকের মত উজ্জ্বল মণ্ডলীর ক্ষেত্রে তো কখনই না। মনেপ্রাণে বিশ্বাস হত, ওটা অনন্তকাল ধরে জ্বলবে! তবে…একটা খটকা ছিল বটে। লিগ্যাসি কি তবে টিকবে না? না টেকার মতও তো কিছু ঘটেনি! প্রফেসি ভেঙে ফেলার...

অথৈ সমুদ্র

ছবি
এক. আঠারোই মার্চ নিয়ে যে লিখতে পারে—সে হয় দুঃসাহসী, নাহয় গাধা। নিঃসন্দেহে আমি দ্বিতীয় দলে। মেয়েটাকে আমি প্রথম দেখি বছর দুয়েক আগে। জগদীশ বসু ক্যাম্পে। তেমন কোন বিশেষভাবে না, যে মুহূর্তে সবাই প্রথমবারের মত তাকে খেয়াল করল, আমিও করলাম। (মুদ্দাসসেরকে কি এজন্য একটা সাধুবাদ জানানো উচিত? উচিত বোধহয়।) পনেরোর সেই সেপ্টেম্বরে আমি সমুদ্রের অনেক, অনেক উপর দিয়ে ঘুরে বেড়াতাম, সমুদ্রের গভীরে যে কিছু আছে—এই নিয়ে আমার ধারণা ছিল না। কাজেই আমার বিশ্বাস, মেয়েটার সাথে যদি প্রথমবার পরিচয় না হত, কখনই দ্বিতীয় পরিচয়টা হত না। এবং অবশ্যই তৃতীয়, চতুর্থ এবং অসংখ্যবারের মত পরিচয় হত না, অবশ্যই না। অনেক ওপর দিয়ে যারা উড়ে বেড়ায়, তাদের পক্ষে সমুদ্রের গভীরে থাকা মানুষগুলোর সাথে যোগাযোগ করা কঠিন। কাজেই মেয়েটার সাথে আমার কখনই কথা হয়নি। কেবল ক্যাম্পের শেষদিন, সেই ঘোরলাগা সকালে চলে আসার আগে বলে এসেছিলাম, ভালো থাকিস। এমনিই বলেছিলাম, সাদাসিধে ভদ্রতা যেটাকে বলে। সমস্যাটা শুরু হল… আগস্টে? সম্ভবত। পুরো একটা বছর পার করে, আগস্টের এক সকালে আমরা ক’জন একটা স্কুলের গেট পার করে ভেতরে ঢুকলাম, আর গেটের ঠিক সা...

না পিচ্চি - না বুড়ো

ছবি
জগদীশ বসু একটা গল্পের ফ্যাক্টরি। প্রতিবছর একগাদা গল্পের জন্ম হয় এই ক্যাম্পে, আর জন্ম হয় কয়েকজন মানুষের। গত জগদীশ ক্যাম্পে যাদের জন্ম হয়েছে তাদের একজন আজরা। মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নেই, তাই পৃথিবীর সাতশো কোটি মানুষের কেউ বলতে পারে না আজরার বয়স কত। তবে মেয়েটার সাথে পাঁচ মিনিট কাটালেই যে কেউ বলে ফেলতে পারবে, আজরার বয়স কমবেশি একশো বছর, কিংবা তারও বেশি। ক্যাম্পের এমন কোন বুড়ো নেই যে আজরার কাছে বকা খায়নি। বকা খাওয়ার কারণগুলোও বড় গুরুতর। শাফিন ভাই বকা খেয়েছে, কারণ সে জলের গান শোনে না। আমি খেয়েছি, কারণ মেকানিক্সের লেকচারটা কঠিন হয়ে গেছে। ইবরাহিম ভাই খেয়েছে, কারণ সে আজরার খাতা লুকিয়ে রেখেছিল। আমার এই বুড়ো বোনটা অবশ্য পড়ে ক্লাস সেভেনে। গার্লস ক্যাম্পের শেষদিনের লেকচারগুলো যখন আধ্যাত্মিক পর্যায়ে চলে যেতে শুরু করল, তখন বুড়োটা হতাশ হয়ে ক্লাসের পেছনের বেঞ্চে বসে পড়ল। আমি কিছুক্ষণ তাকিয়ে থাকলাম, জগদীশ বসুর কল্যাণেই কিনা কে জানে, স্পষ্ট বুঝতে পারলাম কী ভাবছে পিচ্চিটা। তার পাশে বসে ফিসফিস করে জিজ্ঞেস করলাম, ক্লাস কি কিছুই বুঝতেসিশ না? পিচ্চিটা বিশাল চশমার ভেতর দিয়ে বড় বড় করে তাকিয়ে বলল, ...

মিত্রশ্রীর তৃতীয় দিন

ছবি
আমার যে রাতে হার্ট ভেঙে গিয়েছিল তার পরেরদিন আমি সারাদিন ছবি এঁকেছিলাম। তার পরেরদিনও আমি সারাদিন ছবি এঁকেছিলাম। এবং তার পরেরদিনও আমি সারাদিন শুধু ছবিই এঁকেছিলাম। ভালো লাগছিল আঁকতে। স্কুলে যেতাম বটে, ক্লাস করতাম না। কী হবে ক্লাস করে? আমাদের স্কুলে খুব চমৎকার একটা জায়গা আছে। যেই ভবনে আমাদের ক্লাস হয়—সেটার ছাদ। ছাদের দরজা সবসময় বন্ধ থাকে তো, এখানে কেউ আসে না। আমরা কয়েক বন্ধু মিলে একদিন আবিষ্কার করলাম, দরজার একটা পাল্লা ভাঙা! সেটা সরিয়ে ছাদে উঠে আবার দরজাটা জায়গামত লাগিয়ে দেই, কাজেই বাইরে থেকে বোঝা যায় না ছাদে কেউ আছে। ছাদের ওপর উঠলে বিশাল একটা মাঠ দেখা যায়। আমাদের স্কুলের মাঠ। সবাই যখন ক্লাস করত, সেই ছাদটাতে উঠে আমি বসে থাকতাম। একাই। ফাঁকা মাঠের দিকে তাকিয়ে থাকতেও ভালো লাগত। ছাদের দেয়ালে ঠেস দিয়ে বসে আমি একশোরকম চিন্তা করতাম। আর কী অদ্ভুত, আমি টানা তিনদিন ক্লাস না করে ছাদে বসে থাকলাম, আর সেই তিনদিন টানা বৃষ্টি হল। একটানা না অবশ্য, থেমে থেমে। যখন বৃষ্টি থামত, আমি ছাদের ঠিক মাঝখানটায় বসে ছবি আঁকা শুরু করতাম। আকাশ অবশ্য গুমগুম করে হুমকি দিত, যেকোনো মুহূর্তে বৃ...

দুর্বোধ্য

ছবি
হুশ করে গাড়িটা বেরিয়ে গেল! আমার গায়ে একরাশ কাদাপানি ছিটকে দিয়ে। আমি অবশ্য এমনিতেও ভিজে গেছি। আমার বয়সী একটা মেয়ে বৃষ্টিতে ভিজে রাস্তায় একা একা হাঁটছে—এটা খুব একটা স্বাভাবিক দৃশ্য না। কাজেই লোকজন ঘাড় ঘুরিয়ে তাকাচ্ছে। আমি ভাব করছি, যেন তাদের তাকানোতে আমার কিছু এসে যায় না। আসলে এসে যায়, ছাতা নিয়ে বের হওয়া উচিত ছিল। বাড়ি থেকে বেরিয়েই অবশ্য ছাতার কথা মনে পড়েছিল। জুন মাসের আকাশের উপরে খুব একটা ভরসা করা যায় না। তবু, ফিরে গিয়ে আবার ছাতাটা আনতে ইচ্ছে হল না। যেই বাড়িতে আজ ভোরবেলা একটা মানুষ মারা গেছে—সেখানে ফিরে যেতে ইচ্ছে না করলে নিশ্চয়ই দোষ দেয়া যায় না?  আমার নাম রিচি। আর আজ ভোরবেলায় যেই মানুষটা মারা গেছেন, তিনি আমার আম্মু। তেমন কোন বিশেষভাবে ঘটনাটা ঘটে নি, এমনিই মারা গেছেন। গতকাল রাতে বেশ ভালো ছিলেন। খাওয়ার পর আমি বিছানায় শুয়ে শুয়ে যখন চাচা কাহিনী পড়ছিলাম, তখন আম্মু রান্নাঘরে কাজ করতে করতে গুনগুন করে একটা গান গাচ্ছিলেন। খুব চেনা একটা সুর, তখন অনেক চেষ্টা করেও মনে করতে পারি নি। মনে পড়ল সকালবেলা। নাস্তা করছিলাম, রাফাত হঠাৎ পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আম্মু মারা গেছে আপু, বলেই কান্নায় ...

এক-চতুর্থাংশ (রিয়া পাগলিনী এবং অন্যান্যরা)

ছবি
পড়ছিলাম। হঠাৎ একটা ফোন এসে সবকিছু এলোমেলো করে দিলো। আমি ঝড় আঁকতে পারি না, তবু ঝড় বয়ে যায়—অমন ঝড়ের মত সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। কী আর করা। হিসেব করতে বসি! দুই হাজার ষোলো সালের হিসেব। এক. রিয়া গত জন্মে আমার মেয়ে ছিল। কথাটা মনে আসার সাথে সাথেই আমি ফিক করে হেসে ফেলেছিলাম। আর রিয়া রীতিমত হেসে কুটিকুটি হল। হাসতে হাসতেই কোনোমতে জিজ্ঞেস করলো, ক্যান ভাইয়া? স্বীকার করছি, বেশ লাগছে। রিয়ার লেখাগুলো, আঁকাগুলো দেখলে ভ্রম হয়, আগের জন্মে নির্ঘাত বাবার কাছ থেকে শিখে এসেছে। একইরকম ভুল আঁকে, আমার মত! আর একইভাবে লেখে, সেই ভুলে ভরা গল্প।  কথায় বলে, ষোড়শ বর্ষে পুত্র মিত্র বদাচরেৎ। কন্যার ক্ষেত্রেও এটা সত্যি হওয়ার কথা। আমি এই মিত্র কন্যাটির কাছ থেকে যেই চমৎকার স্বভাবটুকু শিখেছি, সেটা সে নিজেও জানে না। সবকিছু জেনে তো কাজ নেই। কিন্তু ভালো লাগে, চারপাশের এই পবিত্র মানুষগুলোর আলো যখন আমাকে স্পর্শ করে। সত্যজিৎ রায়ের লেখা গুপী বাঘা সিনেমাটার একটা দৃশ্য ছিল। ভোর হচ্ছে কেবল। গায়ে একটা চাদর জড়িয়ে গুপী গান গাইছে। গান শেষ করার আগমুহূর্তে দুদিকে দুহাত ছড়িয়ে গুপী বলে,...

আদ্যিকালের বদ্যি বুড়ো

ছবি
আমি বুড়ো। আদ্যিকালের বদ্যি বুড়ো। এই কথাটা অবশ্য আমি প্রায়ই বলি। মজা করেই মানুষজনকে বলি, আমি কিন্তু বুড়ো হয়ে গেছি। তার বেশ কিছু লক্ষণও দেখা যাচ্ছে বটে। আজকাল বুড়োদের সাথে বড় বকবক করি। আগে যখন দেখা হত, নদীর সাথে দুষ্টুমি করতাম, চাচী বসে বসে হাসতো। আর এখন চাচীর সাথে তুমুল আড্ডা দেই, নদী বেচারা হতাশ চোখে তাকিয়ে থাকে। কী আর করা, আমি আদ্যিকালে ফিরে যাচ্ছি। ফেসবুক একাউন্ট বন্ধ করে ফেলাটা বড় কাজে দিয়েছে। কয়েকশো মানুষের খোঁজ রাখা আমার পক্ষে সম্ভব না, ওটা মহামানবেরা পারেন। আমি নিতান্তই সাদাসিধে একটা মানুষ। আমি যেটা পারি সেটা হল, আমার আশেপাশের মানুষগুলোর খোঁজ রাখা। এই তো, অনিমেষ স্যার কেমন আছে সেটা একটু দেখা। তামান্নার সাথে একটা আইসক্রিম খাওয়া। আবির ভাইয়ের মাথার পোকাগুলো আবারও নড়েচড়ে বসলো কিনা, একটু খেয়াল রাখা। তটিনী পিচ্চিটাকে একটু বকা দেয়া, পড়াশোনার জন্য। পাশের বাসায় গিয়ে অলিন্দর সাথে গম্ভীর ফিজিক্সের তত্ত্ব আলোচনা করা। আর.... হুম, আর একটু মন খারাপ করা। বেশি না, অল্প কয়েকজনের কথা ভেবেই। যাকগে, একটু আগে এক পিচ্চির সাথে কথা বলছিলাম। আমাদের পিচ্চিগুলো ...

পেত্নী

ছবি
১০ ডিসেম্বর, ২০১৬ ঢাকা, বাংলাদেশ। প্রিয় নিঝুম, থাপ্পড় দেয়া দরকার তোকে। চিঠিটা আরেকটু নরমভাবে শুরু করা যেত, স্বীকার করছি। সত্যি বলতে কী, প্রথমে ভেবেছিলাম তোকে কিছুই বলব না জন্মদিনে। রাত সাড়ে এগারোটায় এসে মনে হল, নাহ, কিছু বলে ফেলা যায়। মানুষ হয়ে জন্ম নেয়ার এটা একটা অসুবিধা। তুই নিজেও নিশ্চিতভাবে বলতে পারবি না তুই কী চাস। আচ্ছা, তুই কী চাস? মাসকয়েক আগে একটা কথা বলেছিলি। খুব সম্ভবত আর্ট সামিটের সময়। তুই নাকি সলিচিউডের ভেতরে পরম শান্তি খুঁজে পেয়েছিস, এবং শাফিন ভাই নাকি এই নিয়ে যথেষ্ট মনটন খারাপ করছে। কথাটা যদি সত্যি হয়, শাফিন ভাইকে ঠিক দোষ দিতে পারবো না। আবার তোকেও দোষ দিতে পারবো না। তুই যেমন টুইস্ট করে সলিচিউডে গেছিস, আমি ঠিক তেমনই টুইস্ট করে সলিচিউড থেকে বের হয়ে এসেছি। এটাকে তুই কী নামে ডাকিস? আমি এটাকে জন্ম বলি। আমার অসংখ্যবার জন্ম হয়েছে। জন্মের প্রক্রিয়াটা কখনই খুব একটা আনন্দদায়ক কোনো ব্যাপার না। অসম্ভব কষ্টের ভেতর দিয়ে একেকটা জন্ম হয় এই পৃথিবীতে—সেটা যে ধরনের জন্মের কথাই বলিস না কেন। কাজেই আমার প্রতিটা জন্মই হয়েছে একেকটা ধাক্কার মধ্য দিয়ে। সেই ধাক্কায় চারপাশের...

আমাদের নক্ষত্রগুলো

ছবি
এক. বছরের এই সময়টা আমাদের বড় ভালো কাটে। ‘আমাদের’ বলতে, আমরা যারা পাগল সমিতিতে কাজ করি—তাদের। অফিসিয়ালি আমাদের নাম অবশ্য পাগল সমিতি না। একটা গালভরা নামও আছে, কিন্তু আমরা নিজেদের পাগল ডাকতেই ভালোবাসি। এই পাগল অবশ্য রবীন্দ্রনাথের ‘পাগল’। যে দশের বাইরে থাকে, এবং একসময় ফিরে এসে দশকে এগারো বানিয়ে দেয়। আইজেএসও-র গল্পটা তাহলে এইবেলা বলে ফেলা যাক! দুই. গত বছর (২০১৫ সালে) আমরা যখন আইজেএসও-তে দল পাঠানো শুরু করি—খুবই যে বড় আশা নিয়ে ছিলাম—এমন কিন্তু না! ভেবেছিলাম, ম্যাথ অলিম্পিয়াডে একটা ব্রোঞ্জ পেতে অনেক বছর লেগেছে, ফিজিক্স অলিম্পিয়াডেও, কাজেই জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডেও একটু সময় লাগবে—এ আর এমন আশ্চর্য কী? তবু, আমাদের মানুষগুলোর তো মাথায় সমস্যা। কাজেই তারা আইজেএসও দলটার পেছনে লেগে থাকলো। মনে করল, আজকে লেগে থাকলে হয়তো একদিন কিছু একটা হবে! তো, এই আশায় পাগলগুলো চাঁদে পাওয়া মানুষের মতই খাটাখাটনি করা শুরু করল। কেউ টিউশনি বাদ দিয়ে দিল। কেউ শখের কাজগুলো করা ছেড়ে দিল। সকালবেলা পাগলগুলো ভার্সিটিতে যেত ক্লাস করতে। সারাদিন ক্লাস করে, ক্লান্ত হয়ে দৌঁড়ে যেত আইজেএসও ক্যাম্পে। ক্লাস ...

এলোকথন (মৃগশিরা ১)

ছবি
গতকাল শিল্পকলায় যেই প্রদর্শনীতে গিয়েছিলাম, তার নামটা বেশ গালভরা। দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ। পুরো প্রদর্শনীটা তিন তলা জুড়েই হচ্ছে—কাজেই বিশাল বড়! এবং এই তিন তলা ঘুরে মাত্র তিনটে জিনিস মনে ধরল, তবে সেটা পরের কথা। গতকালের সবচেয়ে চমৎকার অংশটা ছিল অন্য জায়গায়। ধরে নিই, আমার সাথে যে গিয়েছিল তার নাম বৃশ্চিক। কিংবা কৃত্তিকা। অনেক্ষণ ঘোরাঘুরি করে ক্লান্ত ছিলাম, আমরা দুজনেই। ভাবলাম, গতবারের মত শিল্পকলার ছাদ থেকে ঘুরে আসি। চতুর্থ তলায় উঠে অবশ্য হতাশ হলাম, ছাদের দরজা বন্ধ। নিচে চলে যাবো—ঠিক তখনই খেয়াল করলাম, ছাদের উপরে আরেকটা ছাদ আছে, এবং একটা ভাঙা সিঁড়ি বেয়ে সেই ছাদে ওঠা যায়! ভাগ্যিস খেয়াল করেছিলাম। ফাঁকা একটা ছাদ। এবং ছাদটা আকাশের কাছাকাছি। পাঁচতলার একটা ছাদকে আকাশের কাছাকাছি মনে হওয়ার কথা না। শিল্পকলার ব্যাপারটা অবশ্য আলাদা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওদিকে যেহেতু খুব বেশি বাড়িঘর নেই, শিল্পকলার সেই ছাদই আকাশের কাছাকাছি। আমরা যখন ছাদে পা রাখলাম, কালপুরুষ মাত্র আকাশে উঠেছে। কিছুক্ষণ নক্ষত্র দেখে, এলোমেলো কথাবার্তা বলে ফেরার কথা ভাবছি। ঠিক সেই মুহূর্তে বৃশ্...

তামান্নার কাছে চিঠি

ছবি
৬ ডিসেম্বর, ২০১৬ ঢাকা, বাংলাদেশ। ঐ, ​​বুঝছিস, আমার না, লিখতে অনেক ভালো লাগে। প্রতিটা দিন বসে বসে লিখতে ইচ্ছে করে। আর বই পড়তে ইচ্ছে করে। অবশ্য, লেখাকে পেশা হিসেবে নেয়ার ইচ্ছে কোনোকালেই ছিল না, এখনও নেই। তবু, যদি লিখতে পারতাম, মনে হয় ভালো হত। মানে, আমার ভালো লাগত আরকি।​ এবং আমার কাছে এখন মনে হয়, আমি কিছু ভুল করেছি। সবকিছু বাদ দিয়ে পড়াশোনা করতে গিয়ে। সবকিছু বাদ দিয়েছিলাম। বন্ধু, প্রেম, জীবন, অভিজ্ঞতা—সবকিছুই। পড়াশোনাটা ছিল প্রথম প্রায়োরিটি। তোদের কাছে আমি কৃতজ্ঞ, আমার মত একজন মানুষের বন্ধু থাকার কথা ছিল না। তবু, তোরা ছিলি। এসএসসির পরের সময়টা, পুরো কলেজ জীবনটাই তোরা আমাকে সাপোর্ট দিয়েছিলি। অদ্ভুত একটা সময় ছিল সেটা। মনে আছে, সারাক্ষণ তোদের সাথে কথা বলতাম? দিনের একবেলা কেউ কথা না বললেই রীতিমত ঝগড়া হয়ে যেত! যেকোন দুজনের মাঝে ঝগড়া হলে তখন অন্য দুজনকে এগিয়ে আসতে হত সেই ঝগড়া থামানোর জন্য। একটা ঘটনা খুব মনে পড়ে। আমি দাদুবাড়ি যাচ্ছিলাম। আমার তো সবসময়ই মরবিড চিন্তাভাবনা। নানু মারা যাওয়ার পর থেকে সেটা আরও বেড়ে গিয়েছিল (অথবা শুরু হয়েছিল)। প্রতিবার দাদুবাড়ি যাওয়ার আগে ত...

না দেখা বৃষ্টি

ছবি
আচ্ছা, আমার চারপাশের সবাই কি পাগল? অথবা আমার চারপাশের সবাই অসাধারণ একেকজন মানুষ। সম্ভবত দুটোই সত্যি। গতকাল সকালে অসম্ভব সুন্দর একটা মেইল পেলাম। কে লিখেছে সেটা বলতে ইচ্ছে করছে না, তবে কী লিখেছে সেটা বলতে ইচ্ছে হচ্ছে। “সকাল কিংবা বিকেলবেলা। আমি বাস স্টপে বসে... এক কোণায়। সামনের রাস্তাটা সুন্দর প্রশস্ত। অনেক্ষণ, রাস্তায় কেউ নেই... ফাঁকা। হঠাৎ দেখি দুজন হেঁটে এদিকটায় আসছে। -আরে! বাঁ পাশেরটা নোবেল ভাইয়া না?(!)  হ্যাঁ! ওটা তুমিই। তোমার পাশে সবুজ শাড়ি পড়া একটা মেয়ে। মাথায় খোঁপা তবে চুল উশকো খুশকো, হাতে ছোট্ট হলুদ রঙা ফুল। তোমার মত একদম শুকনা তবে অনেক সুন্দর। দুজনকে দেখতে যে কি ভালো লাগছিল! হঠাৎ বৃষ্টি। তোমার হাতের ফাইলটা তুমি মাথায় চেপে আপুর হাত ধরে দৌড়ে বাস স্টপে এসে দাঁড়ালা। তোমরা বৃষ্টি দেখছো। আমি আর বৃষ্টি তোমাদের দেখছি, মিষ্টি মিষ্টি হাসছি।  তোমরা অপেক্ষা করছো, বৃষ্টি থামার নাহয় বাস আসার। তাই দেখার জন্য অপেক্ষা করছি... আমি আর বৃষ্টি!” রোলিং স্টোন্‌সের ঐ গানটা মনে পড়ে গেল। খুব ইচ্ছে করে, বিকেলবেলা যখন বৃষ্টি হয়, জানালার গ্রিলে মাথা ঠেকিয়ে টুংটাং করে গানটা ব...

স্বপ্নগুলো স্বপ্ন হয়েই রয়

ছবি
এক. সম্ভবত, প্রতিটা মানুষই আশ্চর্য একেকটা চরিত্র। দুই-একদিন আগে পদ্মদের বাসায় আড্ডা দিতে দিতে আরেকবার ধাক্কাটা খেলাম। হঠাৎ করেই ওদের বাসায় গিয়েছিলাম। মাসখানেকেরও বেশি হয়ে গেল, পিচ্চিটার সাথে দেখা হয় না। ফোন দেয় প্রায়ই, ব্যস্ততার কারণে ধরি না। পরে নিজেরই মন খারাপ হয়। আইজেএসও ক্যাম্পে শাওন (জেনেটিক্স ডিপার্টমেন্টের মেয়েটা) ক্লাস নিচ্ছিল সেদিন। শাওনের ক্লাসে যেহেতু আমার দাঁত ফোটানো কঠিন, চুপ করে শোনা ছাড়া অন্য কোন গতি নেই। তাই ভাবলাম, শাওন ক্লাস নিক, এই ফাঁকে আমি পদ্মদের বাসা থেকে ঘুরে আসি! দুই. পদ্মদের বাসার বেল চেপে দাঁড়িয়ে আছি। আন্টি এসে দরজা খুললেন। দরজাটা একটু ফাঁক করে হাসতে হাসতে নাটকীয় ভঙ্গিতে বললেন, কে?! এই পদ্ম, লাঠিটা নিয়ে আয় তো! সাথে একটা রাবার ব্যান্ডও নিয়ে আসিস, ও চুল বাঁধবে! আমিও হাসতে হাসতে ঢুকলাম। পদ্মদের বাসায় বিশাল একটা বুকশেলফ, সেই বুকশেলফের পাশে মেঝেতে বসে আমি আর পদ্ম দুষ্টুমি করছিলাম। পদ্ম সবকিছু খেয়ে ফেলে তো, তাই সে হচ্ছে ভোক্কস। তাই শুনে পিচ্চিটা আমার নাম দিয়েছে খোক্কস। তো, আমি আমার ভোক্কস বোনটার আঁকা জিনিসপত্র দেখছিলাম। কিছুক্ষণের মধ্যে...

So, so you think you can tell

ছবি
এক. জগদীশ বসু ক্যাম্প, এক, দুই, ছাড়াছাড়া, মানুষ ধরে ধরে বলা— নাহ, এভাবে আর হচ্ছে না। সবকিছু লিখে ফেলতে পারলে ভালো হত। অথৈ বলেছিল, ক্যাম্প থেকে ফেরার পর সে নাকি ক্যাম্পের স-অ-ব গল্প শুনবে! অন্তত পিচ্চিটার জন্য হলেও তো আমাকে লেখা লাগবে। সন্ধ্যার একটু পর চুপ করে বসে ছিলাম। বাইরের বাতাসটা মোটামুটি অবিশ্বাস্য লাগছিল। বাতাসে শীত-শীত ভাব নাহয় থাকতে পারে, কিন্তু এতখানি নস্টালজিয়া কীভাবে থাকে আমি জানি না। এমন সময় নদী ফোন দিল। আজকাল কী যেন মনে হয়, কারো সাথে কথা বলার সময় টুংটাং করে বাজাতে ইচ্ছে করে। নদীর বকবক শুনতে শুনতে wish you were here তোলার চেষ্টা করছিলাম। আমি টুংটাং করতেই পিচ্চিটা ওপাশ থেকে মোটামুটি চেঁচিয়ে উঠলো, ভাইয়া ভাইয়া, এইটা so you think you can tell না?? আর ঠিক এই কথাতেই আমার হিল্লোলকে মনে পড়ে গেল। হিল্লোল রায়, দিনাজপুর, এবং আরো অনেক কথা। আমি দিনাজপুরের মাটিতে শেষবার যখন দাঁড়িয়েছিলাম, সেবারও উপন্যাসটা একইভাবে আগাচ্ছিল। আমার মনে আছে, সোহান আর পুণ্য (অথবা মীমও হতে পারে) যখন আমাকে বলল, ভাইয়া ভালো থেকো, বাসায় যাচ্ছি— ঠিক সেই মুহূর্তে আমার মনে হল, আ...